নভেম্বর ২৫, ২০২৫, ১০:৩৩ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের আসন্ন সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই সমর্থন চান।
ড. ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে আশ্বস্ত করে বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনটি অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
প্রধান উপদেষ্টার কাছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের হাতে বিপুল সম্পদ রয়েছে, যার মধ্যে জি-৭ ও জি-২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত। এই দেশগুলো একে অপরের শক্তি বৃদ্ধিতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই আশাবাদী এবং আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেন। বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্যে 'তিন-শূন্য ভিশন' বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে মহাসচিব বলেন, বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।এদিকে, সম্প্রতি দেশে অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্প এবং এতে প্রাণহানির ঘটনায় আতঙ্কিত জনগণকে রক্ষা করতে ভূমিকম্প-ঝুঁকি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানিয়ে বলেন, সরকার হাত গুটিয়ে রাখতে চায় না, আবার কোনো অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চায় না। তিনি বিশেষজ্ঞদের স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে বলেন। তিনি আশ্বাস দেন, বিশেষজ্ঞদের পরামর্শগুলো দ্রুত লিখিত আকারে পাওয়া মাত্রই সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। তিনি জানান, প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্কফোর্স গঠনের বিষয়ে কাজ চলছে।
বৈঠকে বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় '৪৮ ঘণ্টা বা ১০ দিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প হবে'—এ ধরনের গুজব বা অপতথ্য ছড়ানো হচ্ছে। তারা সতর্ক করেন, ভূমিকম্প কখন হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। শুধু অতীতের তথ্য বিশ্লেষণ করে একটি সময়সীমা অনুমান করা যায়, কিন্তু নির্দিষ্ট দিন-তারিখ-সময় বলা অসম্ভব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, বৈঠকে ভূমিকম্প নিয়ে গবেষণার ওপর জোর দেওয়া হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
বৈঠকে উপদেষ্টাদের মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন