বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভূমিকম্পের ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির একগুচ্ছ নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১০:৪৪ এএম

ভূমিকম্পের ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির একগুচ্ছ নির্দেশনা

সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি জেলায় বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সৃষ্ট আতঙ্কের প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক একগুচ্ছ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনাগুলোতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিতকরণ এবং প্রয়োজনে সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা বা অনলাইন ক্লাস চালুর কথা বলা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সব অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে মাউশির পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর উদ্দেশ্য হলো— মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখা।

ভূমিকম্পের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে মাউশি যে দিকনির্দেশনা দিয়েছে, সেগুলো হলো:ভূমিকম্পের সময় শান্ত থাকা এবং প্যানিক বা আতঙ্কগ্রস্ত না হওয়া।ভবনের অভ্যন্তরে থাকলে দ্রুত কোনো টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া (ড্রপ, কাভার, হোল্ড অন পদ্ধতি অনুসরণ করা)।ভবনের বাইরে থাকলে দেরি না করে খোলা জায়গায় চলে যাওয়া, যেখানে কোনো ভবন বা গাছপালা নেই।ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকা।

কম্পন থামার পর বাইরে যাওয়ার সময় সতর্ক থাকা; কারণ ভবন বা দেয়াল ধসে পড়তে পারে।কম্পন চলাকালীন ওপর তলায় থাকলে ঝাঁকুনি থামা পর্যন্ত অপেক্ষা করা এবং লাফ দিয়ে নামার চেষ্টা না করা।কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়া। দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ বন্ধ করা ও আগুন নেভানো।কলাম দেওয়া পাকা ঘরে কলামের সঙ্গে গোড়ায় আশ্রয় নেওয়া।শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন এবং অন্যান্য স্থাপনার সুরক্ষার জন্য মাউশি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলেছে:

বিদ্যালয়ের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা।

চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জরুরি ভিত্তিতে সংস্কার করা।

ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সুস্পষ্ট সতর্কতা চিহ্ন যুক্ত করা।

ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করা, যেমন: অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাস চালু করা।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ সারাদেশ, যাতে অন্তত ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন। পরদিন ২২ নভেম্বর আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটির উৎপত্তি হয় রাজধানীর বাড্ডায়। এই ধারাবাহিক ভূমিকম্পের প্রেক্ষাপটেই মাউশি এই জরুরি সতর্কতা জারি করলো।