নভেম্বর ৩০, ২০২৫, ১১:৪৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতি বার্ষিক পরীক্ষার সময় আন্দোলন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ সহানুভূতিশীল বলেও উল্লেখ করেছে।
আজ রোববার (৩০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিটিকে মন্ত্রণালয় যৌক্তিক বলে মনে করে।
প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের বিষয়ে অর্থ বিভাগের সম্মতির প্রেক্ষিতে এই দাবির যৌক্তিকতা এসেছে।মন্ত্রণালয় জানিয়েছে:
আলোচনা: গত ১০ নভেম্বর অর্থ সচিবের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।অগ্রগতি: বেতনস্কেল উন্নীতকরণের বিষয়ে পে-কমিশনে কার্যক্রম চলমান রয়েছে এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে আশ্বাস দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে।এ সময়ে কর্মবিরতির কর্মসূচি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা-জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। তাই শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনায় নিয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণ এবং সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সহকারী শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হলো।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন