ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:১৭ পিএম
শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আক্রান্ত জনগণের জন্য ১০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন ক্রুর একটি দল ত্রাণ সামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য মোতাবেক,
ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক জন নিখোঁজ রয়েছে। ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানালে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধ সামগ্রী ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রেরণের জন্য অনুরোধ জানায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ১৩০জে পরিবহন বিমানে এই মানবিক সহায়তা পাঠানো হয়।
প্রেরণকৃত প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে:
শুকনো খাবার ও মশারি
ঔষধ সামগ্রী
তাবু, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড স্লোভস ও রেসকিউ হেলমেট
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন