বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:০৮ পিএম

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং দেশের চিনিকলগুলোতে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে।

শনিবার নাটোরের উত্তরা গণভবন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শিল্প উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। চিনিকলগুলোকে লাভজনক এবং টেকসই করতে হলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই।

তিনি আশা প্রকাশ করেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। এরপর শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন।আদিলুর রহমান খান মন্তব্য করেন, দেশের চিনিকলগুলো জাতীয় চাহিদার একটি অত্যন্ত অল্প অংশ পূরণ করতে সক্ষম। এই কারণে চিনিকলগুলোর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

এই পদক্ষেপ সারাদেশের অর্থনীতিতে চিনিকলগুলোর অবদান বাড়াবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর সুগার মিলস লি: এর এমডি মো: আখলাছুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।