রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসির নিবন্ধন পেলো ৮১ পর্যবেক্ষক সংস্থা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৫০ পিএম

ইসির নিবন্ধন পেলো ৮১ পর্যবেক্ষক সংস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এই নিবন্ধন দুটি ধাপে সম্পন্ন হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছরের জন্য প্রথম ধাপে ৬৬টি এবং ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে আরও ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর, জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণপূর্বক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

সে সময় এ সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এই ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া, দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে আরও ১৫ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

এই ১৫ সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হলো। ইসি আরও জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এর মধ্য দিয়ে নতুন করে ৮১টি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বৈধতা দিল নির্বাচন কমিশন।