ডিসেম্বর ৯, ২০২৫, ১১:২০ এএম
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণের মতো সমাজের গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারীকে 'বেগম রোকেয়া পদক ২০২৫' প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেওয়া হয়। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীর দিনটিতে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এই পদক প্রদান করা হয়।
এবছর চারটি ভিন্ন ভিন্ন শ্রেণিতে চারজন নারী এই পদকে ভূষিত হয়েছেন। নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) অবদানের জন্য পদক পেয়েছেন রুভানা রাকিব।
নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) বিশেষ ভূমিকার জন্য পুরস্কৃত হয়েছেন কল্পনা আক্তার। মানবাধিকার শ্রেণিতে অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক লাভ করেছেন নাবিলা ইদ্রিস। এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) অবদান রাখার জন্য সম্মানিত করা হয়েছে ঋতুপর্ণা চাকমাকে। এই চারজন নারী নিজ নিজ ক্ষেত্রে তাদের ব্যতিক্রমী কাজের মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীতে যখন নারীরা কঠোর অবরোধবাসিনী ছিলেন, সেই সময়ে তিনি নারীর পরাধীনতার বিরুদ্ধে সাহসী আওয়াজ তুলেছিলেন। বেগম রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন কিংবা মিসেস আর এস হোসেন নামেও তিনি লেখালেখি করতেন এবং পরিচিত ছিলেন। তাঁর প্রখর লেখনী ও শিক্ষাবিস্তারের উদ্যোগ বাঙালি নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে সহায়তা করেছিল। তাঁর সেই আদর্শ ও সংগ্রামকে স্মরণ করেই প্রতি বছর এই দিনে বিশেষভাবে তাঁর অবদানকে সম্মানিত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন