ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৪২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এক জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল অফিস। শনিবার ইসি থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে:খোলা থাকবে অফিস: রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস।
সময়সীমা: সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিসগুলো সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।ইসির পরিপত্রে আরো বলা হয়েছে, বিশেষ করে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণের দিন, প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ দিনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তাছাড়া মনোনয়নপত্র দাখিল ও বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অফিসগুলো খোলা রাখা হবে এবং প্রয়োজনে অফিস সময়ের পরেও খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন এবং প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিন বিকাল ৫টার পর কোনো মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না অথবা কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন