বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৪ পিএম

ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক ও অপরিবর্তিত রয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ।

তিনি জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।ড. মো. আব্দুল আহাদ হাদির অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন:

মস্তিষ্কের ক্ষতি: সকালে তাঁর পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে।

অন্যান্য সমস্যা: মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। লাইফ সাপোর্টে তার ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে।গুলিবর্ষণ: হাদিকে এক্সপার্ট হাতে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। অপারেশনের পরও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে রয়ে গেছে।পর্যবেক্ষণ: চিকিৎসক জানান, হাদি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার অবস্থার উন্নতি না হওয়ায় ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে, যা শেষ হবে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর)।এই অবস্থায় হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। ড. মো. আব্দুল আহাদ বলেন, মেডিক্যাল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে বিদেশে নেওয়া হবে কিনা, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি প্রেরণ করা হয়েছে।

এদিকে, হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং মোটরসাইকেলটির মালিক সন্দেহে আজ সকালে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে।