ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫৩ পিএম
দেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত এবং প্রতিকার প্রদানের লক্ষ্যে ৮টি বিভাগে পৃথক পৃথক ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর ১৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রতিটি বিভাগীয় শহরে এই বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে।
প্রতিটি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন জেলা এবং মেট্রোপলিটন এলাকাগুলোর গুম সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। মূলত গত দেড় দশকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তুলে নিয়ে যাওয়া বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আইনি প্রতিকার নিশ্চিত করতেই এই বিশেষ আদালত গঠন করা হয়েছে।বিভাগভিত্তিক ট্রাইব্যুনালের এখতিয়ার অনুযায়ী— ঢাকা ট্রাইব্যুনাল পুরো ঢাকা বিভাগ (মেট্রো এলাকাসহ), চট্টগ্রাম ট্রাইব্যুনাল চট্টগ্রাম বিভাগ, সিলেট ট্রাইব্যুনাল সিলেট বিভাগ এবং রাজশাহী ট্রাইব্যুনাল রাজশাহী বিভাগের মামলার বিচার করবে।
একইভাবে রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগীয় ট্রাইব্যুনালগুলো নিজ নিজ প্রশাসনিক এলাকার এখতিয়ারভুক্ত থাকবে।মানবাধিকারকর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ট্রাইব্যুনাল গঠনের ফলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো স্থানীয় পর্যায়েই আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। ইতিপূর্বে গুমের ঘটনা তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করা হলেও এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার পথ প্রশস্ত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন