রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৫৩ পিএম

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, জামায়াত-এনসিপি জোটের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি এই জোটের অংশ হচ্ছেন না।

মাহফুজ আলম তাঁর পোস্টে স্পষ্ট করে বলেন, আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়।

কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন (দীর্ঘদিনের অবস্থান) ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এনসিপিকে একটি বড় ‘জুলাই আমব্রেলা’ বা প্ল্যাটফর্ম হিসেবে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর চেষ্টা তিনি করেছিলেন।

কিন্তু অনেক কারণেই তা সম্ভব হয়নিজুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে নাগরিক কমিটি ও এনসিপির সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লিখেছেন, এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাঁদের পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। বিদ্যমান বাস্তবতায় তাঁদের প্রতি আমার সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এ এনসিপির অংশ হচ্ছি না।

দেশের বর্তমান পরিস্থিতিকে একটি ‘শীতল যুদ্ধ’ হিসেবে অভিহিত করে মাহফুজ আলম বলেন, “ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।

তিনি আরও যোগ করেন যে, নতুন একটি রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বিকল্প মধ্যপন্থী তরুণ শক্তির উত্থান অত্যাসন্ন। তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উপায়ে নিজের নীতিতে অটল থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগ্রহীদের তাঁর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।মাহফুজ আলমের এই বক্তব্যের পর জুলাই বিপ্লবের তরুণ শক্তির রাজনৈতিক মেরুকরণ কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়।