বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন সাত জুলাই যোদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:০০ পিএম

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন সাত জুলাই যোদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ গুরুতর আহত সাত জন বীর যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২৯ ডিসেম্বর) থাইল্যান্ডে পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়েছে, সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG-388) সকাল সোয়া ১১টায় তারা থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন।

সেখানে ব্যাংককের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁদের চিকিৎসা প্রদান করা হবে।উন্নত চিকিৎসার জন্য নির্বাচিত এই সাত জুলাই যোদ্ধা হলেন: ১. মো. সুজন মিয়া ২. শেখ মোহাম্মদ শান্ত ৩. মো. শাকিল ৪. মো. লিটন ৫. আলী হোসেন ৬. মো. মিজান মিয়া ৭. মো. হামিদুল সরকার

মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়, বিদেশে চিকিৎসা চলাকালীন আহত যোদ্ধাদের সার্বক্ষণিক সহায়তার জন্য প্রত্যেকের সঙ্গে পরিবারের একজন করে সদস্য (এটেনডেন্ট) যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তাঁদের যাতায়াত ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করা হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একাধিক দফায় বেশ কিছু আহত যোদ্ধাকে সিঙ্গাপুর, তুরস্ক ও থাইল্যান্ডে পাঠিয়েছে। এই সাত যোদ্ধার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে তাঁদের পরিবার ও সহযোদ্ধারা।