জানুয়ারি ৫, ২০২৬, ০৮:১৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানোর ক্ষেত্রে কঠোর বিধিমালা মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট করেছে যে, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী প্রচারণায় নামতে পারবেন না।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধিমালা মেনে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় অংশ নিতে পারবেন।
এর আগে কোনো ধরনের জনসভা, মিছিল বা প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা আইনত দণ্ডনীয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বেই সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি সকালের মধ্যেই প্রচার কার্যক্রম সমাপ্ত করতে হবে।
নির্বাচন কমিশন দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে ভোটের চূড়ান্ত লড়াই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন