বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী অসুস্থ, ঢামেকে ভর্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:৩০ পিএম

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী অসুস্থ, ঢামেকে ভর্তি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার (৭৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। কারারক্ষীদের সূত্রে জানা গেছে, তার বাম পায়ের আঙুলে সংক্রমণের (পচন) কারণে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে সার্জারি বিভাগে রাখা হয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের ১৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। ৭৫ বছর বয়সী সাবেক এই প্রতিমন্ত্রীর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।