জানুয়ারি ১০, ২০২৬, ০৫:০৯ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশগত কোনো উদ্যোগ নয়; এটি গ্রামীণ সমাজের গভীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। অনেক নারী সামাজিক নিরাপত্তার কথা ভেবেই গাছ লাগান বলে গবেষণায় উঠে এসেছে।
শনিবার (১০ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর আয়োজনে ‘ওয়ান আর্থ ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা কেনিয়ার নোবেল বিজয়ী পরিবেশকর্মী ওয়াঙ্গারি মাথাইয়ের উদাহরণ টেনে বলেন, মাথাই পরিবেশ রক্ষায় এতটাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে, তিনি কচুরিপানা দিয়ে তৈরি কফিনে সমাহিত হওয়ার নির্দেশ দিয়ে গেছেন।
এই দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের জন্যও অনুসরণীয়।হাওড় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, করচ ও হিজলের মতো জলজ গাছ কেটে ফেলায় মাছের আবাস ধ্বংস হচ্ছে। টাঙ্গুয়ার হাওড়সহ পর্যটন এলাকায় প্লাস্টিক ও সিগারেট ফেলে পানি দূষিত করাকে তিনি ‘অপরাধ’ হিসেবে বর্ণনা করেন।নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ইটিপি (ETP) সঠিকভাবে ব্যবহার না করায় শীতলক্ষ্যা ও মেঘনা নদী দূষিত হচ্ছে। এর ফলে ইলিশসহ গুরুত্বপূর্ণ মাছের প্রজনন ও উৎপাদন হুমকির মুখে পড়ছে বলে তিনি সতর্ক করেন।
সমুদ্রে মাছ আহরণে ‘সোনার প্রযুক্তির’ অপব্যবহার নিয়ে উপদেষ্টা জানান, শিল্প ট্রলারগুলো এই প্রযুক্তি ব্যবহার করে নির্বিচারে মাছ ধরছে, যা সামুদ্রিক ইকোসিস্টেম ধ্বংস করছে। এছাড়া ভেনামি চিংড়ি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি একটি বিদেশি ও ইনভেসিভ প্রজাতি। দেশীয় গলদা ও বাগদা চিংড়ির ক্ষতি করে—এমন কোনো বাণিজ্যিক অনুমোদন দেওয়া হবে না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘এক টাকায় বৃক্ষরোপণ’-এর প্রেসিডেন্ট শেখ আবদুল্লাহ ইয়াসিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আজিম পাটোয়ারী। প্যানেল আলোচনায় আরও অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড ও ওয়াটারকিপার্স বাংলাদেশের শরীফ জামিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন