রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কবে কাটবে এলপিজি গ্যাসের সংকট, যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০১:৫৩ পিএম

কবে কাটবে এলপিজি গ্যাসের সংকট, যা জানা গেল

দেশে রান্নার এলপিজি গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সরকার নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার ১২ কেজি সিলিন্ডার অনেক এলাকায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই সংকট কাটাতে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন যে আসন্ন রমজান মাসের আগেই এলপিজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। 

এ লক্ষ্যে সরকার এলপিজি আমদানিতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানির নিয়ম শিথিল করে একে ‍‍`শিল্প কাঁচামাল‍‍` হিসেবে শ্রেণিভুক্ত করেছে। এর ফলে ব্যবসায়ীরা এখন ২৭০ দিনের বিলম্বিত পেমেন্ট সুবিধায় গ্যাস আমদানি করতে পারবেন যা এলসি খোলার জটিলতা কমিয়ে সরবরাহ বাড়াতে সাহায্য করবে।

সংকট সমাধানে সরকার ব্যক্তিগত খাতের পাশাপাশি এখন সরাসরি সরকারিভাবে (G2G) এলপিজি আমদানির পরিকল্পনা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজস্ব উদ্যোগে গ্যাস এনে বাজার নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জানুয়ারি মাসে ১ লাখ ৫০ হাজার টন এলপিজির চাহিদা থাকলেও আমদানির নিশ্চয়তা মিলেছে ১ লাখ ২০ হাজার টনের। 

বাকি ঘাটতি মেটাতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর দায়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও কঠোর মনিটরিং শুরু হয়েছে। মার্চ মাসের মধ্যে সরকারিভাবে বড় চালানের এলপিজি দেশে পৌঁছালে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করছে জ্বালানি বিভাগ।