জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩৬ পিএম
আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থন নিয়ে ওঠা সমালোচনার বিস্তারিত ও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার এক বিবৃতিতে জানানো হয়, সরকারের এই অবস্থান অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি একটি অত্যন্ত দায়বদ্ধ ও সময়োপযোগী পদক্ষেপ।
প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, দীর্ঘদিনের অপশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রেক্ষাপটে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার মূল লক্ষ্যই হলো রাষ্ট্র সংস্কার। এই সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত সরকার যদি গণতান্ত্রিক সিদ্ধান্তের চূড়ান্ত মুহূর্তে নীরব থাকে, তবে তা হবে অসংগত এবং দায়িত্বহীন নেতৃত্বের পরিচয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত আঠারো মাস ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করেছেন।
বর্তমান সংস্কার প্যাকেজ সেই সম্মিলিত প্রচেষ্টারই ফল। সুতরাং এই সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সরকারের ম্যান্ডেটেরই অংশ। প্রেস উইং আরও জানায়, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চাতেও সরকারপ্রধানদের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে অবস্থান নেওয়ার ভূরি ভূরি নজির রয়েছে। ব্রিটেনের ব্রেক্সিট গণভোট, স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোট কিংবা ফ্রান্স ও তুরস্কের বিভিন্ন সাংবিধানিক গণভোটে সরকারপ্রধানরা প্রকাশ্যে প্রচার চালিয়েছেন। সেখানে তাদের অবস্থানকে অগণতান্ত্রিক বলা হয়নি, বরং এটিকে রাজনৈতিক জবাবদিহিতার স্বাভাবিক প্রকাশ হিসেবেই দেখা হয়েছে।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই গণভোটের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তিগত বা নির্বাচনী স্বার্থ জড়িত নেই। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা ক্ষমতা দীর্ঘায়িত করা কিংবা কোনো দলীয় সুবিধা পাওয়ার জন্য এই প্রচারণা চালাচ্ছেন না। জেলা পর্যায়ে সরকারি প্রচারণার মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে সংস্কারের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরা, যাতে কেউ ভুল তথ্য বা বিভ্রান্তির শিকার না হন।
প্রেস উইং স্পষ্ট করেছে যে, সরকারের উপস্থিতি বিরোধী মতকে দমন করছে না, বরং নাগরিকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। পরিশেষে জানানো হয়, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের এই অবস্থান স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণভাবে জনগণের হাতেই থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন