রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:০৭ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বিকেলে এক বিবৃতিতে এই আলোচনার তথ্য নিশ্চিত করেছে।বিবৃতিতে জানানো হয়, দুই নেতার আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করে কীভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব পোষণ করেন। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন। 

এটি চলতি মাসে দুই দেশের শীর্ষ এই কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফা ফোনালাপ, যা ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের নতুন গতির ইঙ্গিত দিচ্ছে।দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তৌহিদ হোসেন ও ইসহাক দার কথা বলেছেন। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অভিন্ন স্বার্থ রক্ষায় আঞ্চলিক ফোরামগুলোতে টেকসই সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন তারা। 

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনেও তাদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন মোড় নিতে শুরু করেছে।