জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:২০ পিএম
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের নাগরিকদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে। মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের লক্ষ্যে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা সাময়িকভাবে স্থগিত রেখেছিল ওমান সরকার।
বৈঠকে ড. আসিফ নজরুল ওমান সরকারের কাছে বাংলাদেশি দক্ষ কর্মী যেমন—প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের আরও বেশি সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এছাড়া অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ওপর থাকা বর্তমান স্থগিতাদেশ পর্যালোচনার আহ্বান করেন তিনি।
উপদেষ্টা ওমান সরকারের একটি মানবিক উদ্যোগের প্রশংসা করেন, যেখানে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের কোনো জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওমানের শ্রমমন্ত্রী জানান যে তাদের অভ্যন্তরীণ নীতি পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং বাংলাদেশের শ্রমবাজার ওমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মীদের দক্ষতা যাচাইয়ের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা ওমানের মন্ত্রীকে জানানো হয়। আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আয়োজনের প্রস্তাব করেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি (MoU) দ্রুত স্বাক্ষরের জন্য ওমানের প্রতি আহ্বান জানানো হয়। এই সিদ্ধান্তের ফলে ওমান গমনেচ্ছু হাজার হাজার বাংলাদেশি কর্মীর মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন