জানুয়ারি ২৭, ২০২৬, ১০:২৫ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রমাণ দিতে সক্ষম হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি উল্লেখ করেন যে, পুলিশ বাহিনী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
এএসপি প্রবেশনারদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, দীর্ঘ আইনি লড়াই এবং ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে আজ আপনাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান।
তিনি বলেন, “আপনাদের প্রত্যেকের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এখন বাহিনীর শক্তি হিসেবে কাজ করবে। ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এই যোগদান আপনাদের পেশাগত জীবনের নতুন দিগন্ত উন্মোচন করল। উল্লেখ্য, ২৭তম বিসিএস ব্যাচের ৬০ জনসহ মোট ৬৭ জন কর্মকর্তা এই বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।আধুনিক পুলিশিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আইজিপি বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে অপরাধ দমন সম্ভব নয়। সাইবার অপরাধ বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমতের গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সদস্যদের প্রযুক্তিবান্ধব ও কৌশলী হতে হবে। আইজিপি এএসপি প্রবেশনারদের বাংলাদেশ পুলিশ একাডেমিতে কঠোর শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার সাথে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা ডিজিটাল পরিসরেও সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন