রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:৫১ পিএম

দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড সদস্যদের শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। 

উপদেষ্টা স্পষ্ট করে বলেন যে নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় কোনো সদস্যের বিরুদ্ধে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া গেলে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে দুর্নীতিকে রাষ্ট্রের এক নম্বর শত্রু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন দুর্নীতি একটি প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং প্রশাসনের ওপর জনগণের আস্থা নষ্ট করে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে যার মধ্যে ৩ হাজার ৫৮৫ জন কোস্টগার্ড সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন। 

এরই মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ১০০ প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো পক্ষ যাতে সহিংসতা বা নাশকতা করতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি।উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করে বলেন নদী ও সমুদ্রসীমা রক্ষায় এই বাহিনী সফলতার পরিচয় দিচ্ছে। 

বিশেষ করে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই বাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।