রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটে নির্বাচিতদের সাংবিধানিক স্বীকৃতি ‘গেজেট’ প্রকাশ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪২ পিএম

ভোটে নির্বাচিতদের সাংবিধানিক স্বীকৃতি ‘গেজেট’ প্রকাশ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদ। এর মাধ্যমে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

গেজেট প্রকাশের পর পরবর্তী ধাপ হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান ২৯৯টি সংসদীয় আসনে গতকাল বৃহস্পতিবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। যা গত নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। সারাদেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই গেজেট প্রস্তুত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল চূড়ান্তভাবে প্রস্তুত হওয়ায় সেগুলো আজই গেজেট আকারে প্রকাশিত হবে। আইনি জটিলতা ও কারিগরি কারণে বাকি দুটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে যা পরবর্তী প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে। সচিব ড. আখতার আহমেদ বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

গেজেট প্রকাশের এই পদক্ষেপটি নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হবে এবং এরপরই সংসদীয় অধিবেশন আহ্বানের প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনের এই দ্রুত পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। নতুন সংসদ সদস্যরা এখন শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করার অপেক্ষায় রয়েছেন।