রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার নজর নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠনের দিকে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

এর পরেই রয়েছে জামায়াতে ইসলামী যারা ৬৮টি আসনে বিজয়ী হয়েছে এবং এনসিপি জয় পেয়েছে ৬টি আসনে।নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে খুব দ্রুত। নিয়ম অনুযায়ী নির্বাচনের চূড়ান্ত ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। শপথ অনুষ্ঠানের পর পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন হবে। 

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণ এবং দেশ পরিচালনার দায়িত্বভার হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় নেতা নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটি এখন রাজনৈতিক মহলে নিশ্চিত। 

তার নেতৃত্বে একটি গতিশীল ও দক্ষ মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে ইতিমধ্যে দলীয় ফোরামে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ২০ বছর পর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিধায় এই মন্ত্রিসভার গঠন নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।

অন্যদিকে নির্বাচনে দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে কী ভূমিকা পালন করবে তা নিয়েও আলোচনা চলছে। ৬৮টি আসন পাওয়ায় জামায়াত সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে এটি অনেকটা নিশ্চিত। এতে করে সংসদের ভারসাম্য রক্ষায় জামায়াতের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। আগামী কয়েক দিনের মধ্যেই বঙ্গভবন ও সংসদ সচিবালয়ের সমন্বয়ে শপথ গ্রহণের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। নতুন সরকারের আগমনে দেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে।