ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৪৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য দলটির বিভিন্ন পর্যায়ের ৪৯ জন নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁদের টেলিফোনে এই তথ্য নিশ্চিত করা হয়।
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।
নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তালিকায় রয়েছেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেন এবং আব্দুল আউয়াল মিন্টুর মতো হেভিওয়েট নেতারা।
টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আমিনুর রশিদ। এ ছাড়া শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আসাদুল হাবীব দুলুর মতো পরিচিত মুখগুলো পূর্ণ মন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন।একই সাথে ২৪ জন প্রতিমন্ত্রীকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় নবীন-প্রবীণের এক চমৎকার সমন্বয় দেখা গেছে।
প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন—এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল এবং ইশরাক হোসেন। সাবেক ফুটবলার ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে ডাকা হয়েছে। চমক হিসেবে রয়েছেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যারা তরুণ সমাজের আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই মন্ত্রিসভা গঠনে দক্ষতা, অভিজ্ঞতা এবং তারুণ্যকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি রাষ্ট্র সংস্কারের গতিকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করেছেন, যা নতুন সরকারের শুরুর দিনেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাওয়া বিএনপির এই মন্ত্রিসভা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কতটুকু সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন