বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:০৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, টেকনোক্র্যাট কোটায় তাঁকে এই দায়িত্ব প্রদান করা হচ্ছে। ড. খলিলুর রহমান বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন।ড. খলিলুর রহমান একজন পেশাদার কূটনীতিবিদ এবং অর্থনীতিবিদ। ২০২৪ সালের নভেম্বরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‍‍`হাই রিপ্রেজেন্টেটিভ‍‍` হিসেবে নিযুক্ত হন। 

পরবর্তীতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে ২০২৫ সালের এপ্রিলে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মর্যাদা দেওয়া হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। 

তাঁর দীর্ঘ কূটনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যেই বিএনপি সরকার তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।নতুন মন্ত্রিসভায় ড. খলিলুর রহমানের অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে বেশ ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য করে তুলেছে। 

ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন এবং কর্মজীবনের বিভিন্ন সময়ে জেনেভা ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং কূটনীতিতে উচ্চতর ডিগ্রিধারী এই ব্যক্তিত্বের হাত ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেবেন। 

এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ড. খলিলুর রহমানসহ অন্যদের শপথের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে ড. খলিলুর রহমানের মতো একজন অরাজনৈতিক কিন্তু দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া তারেক রহমানের সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।