ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৭ পিএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অবসান হলো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল এবং দেশ প্রবেশ করল নির্বাচিত সরকারের নতুন এক যুগে।
ঐতিহ্যগতভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এই বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য উচ্চপদস্থ অতিথি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পরপরই তাঁর নতুন মন্ত্রিসভার ৪৯ জন সদস্যও শপথ নেন।
এই মন্ত্রিসভায় প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণদের এক অনন্য সমন্বয় দেখা গেছে। তারেক রহমানের এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো।
নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। পূর্ণ মন্ত্রীদের তালিকায় রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ড. এজেডএম জাহিদ হোসেন এবং আব্দুল আউয়াল মিন্টুর মতো হেভিওয়েট নেতারা। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ড. খলিলুর রহমান। এ ছাড়া শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, জহির উদ্দিন স্বপন এবং আরিফুল হক চৌধুরীর মতো অভিজ্ঞ রাজনীতিবিদরা নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন।
প্রতিমন্ত্রীদের তালিকায় চমক হিসেবে যুক্ত হয়েছেন তরুণদের প্রতিনিধি হিসেবে পরিচিত নুরুল হক নুর ও জোনায়েদ সাকির মতো নেতারা। এ ছাড়া শামা ওবায়েদ ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন এবং সুলতান সালাহউদ্দিন টুকুও নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের ভেতরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। তারেক রহমানের এই অভিষেককে কেন্দ্র করে আজ রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন