মার্চ ৪, ২০২৬, ১০:৪৫ এএম
বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে নতুন করে রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
তার পরিবর্তে পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া ৫-এপিবিএনের অধিনায়ক এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়।
প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতেই এই পরিবর্তন আনা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের এই শীর্ষ পর্যায়ের রদবদলকে একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। নিয়মিত বিরতিতে মাঠ পর্যায় ও দাপ্তরিক পর্যায়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন রদবদল সরকার করে থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন