মার্চ ৯, ২০২৬, ০৯:০৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভায় মূলত জাকাত ব্যবস্থার সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান জাকাত বোর্ড পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে এই সভায়। এই কমিটিতে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে এবং কমিটি দ্রুতই তাদের চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে।উল্লেখ্য যে, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাকাত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেছিলেন যে, একটি সুশৃঙ্খল জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
সেই বক্তব্যের ধারাবাহিকতায় এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ধর্মমন্ত্রী ছাড়াও ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। জাকাত বোর্ড পুনর্গঠিত হলে তা সরকারি ও বেসরকারি পর্যায়ে জাকাত সংগ্রহ ও বিতরণে অধিকতর স্বচ্ছতা আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন