মার্চ ১২, ২০২৬, ০১:২৯ পিএম
টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ১২ মার্চ বেলা পৌনে একটার দিকে সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নতুন এই নিয়োগের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।মন্ত্রিসভায় এই রদবদলের নেপথ্যে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন।
আজ সকালেই সংসদের প্রথম অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার হিসেবে এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে থাকা সম্ভব নয় বিধায় তারা পূর্বতন মন্ত্রিত্ব ত্যাগ করেছেন।
মূলত তাদের শূন্যস্থান পূরণ করতেই আহমেদ আযম খানকে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত এই বর্ষীয়ান আইনজীবীর রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্য।
তার শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে নতুন এই মন্ত্রীকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। খুব দ্রুতই দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন