মার্চ ২৬, ২০২৬, ০৮:২০ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতে মিলিত হন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতির সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানাও এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টেডিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষ করেই তিনি সরাসরি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একে অপরের কুশল বিনিময় করেন এবং পারস্পরিক ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানিয়েছেন যে এই সাক্ষাতটি মূলত সৌজন্যমূলক ছিল।
তবে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব নিয়েও তারা কথা বলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকে কেন্দ্র করে বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রায় এক ঘণ্টার এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী বঙ্গভবন ত্যাগ করেন। দুই শীর্ষ নেতার এই বৈঠক দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যকার সমন্বয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার মাঝে এই সৌজন্য সাক্ষাৎটি বিশেষ গুরুত্ব বহন করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন