বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে : জ্বালানি মন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৫:৫০ পিএম

তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে : জ্বালানি মন্ত্রী

সোলার প্ল্যান্টে মন্ত্রী

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের জ্বালানি তেল পরিস্থিতির ওপর আলোকপাত করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান যে, দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। 

তবে ইরান যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে তেল সংগ্রহের এক ধরনের হিড়িক পড়েছে, যার ফলে পাম্পগুলোতে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। আগে একটি পাম্পে সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন মাত্র দুই থেকে তিন ঘণ্টায় সেই পরিমাণ তেল শেষ হয়ে যাচ্ছে।

মন্ত্রী অভিযোগ করেন যে, হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে ব্যাপক দুর্নীতি ও কালোবাজারি সক্রিয় রয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এমন অনৈতিক কাজে জড়িতদের হাতেনাতে ধরা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান যে, সারাদেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা মাঠ পর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার এবং স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানিয়েছেন তিনি।সৌর বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুতের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

সেই লক্ষ্যেই তিনি সয়দাবাদের এই সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে এসেছেন। সিরাজগঞ্জে প্রচুর জমি থাকায় ভবিষ্যতে এখানে সাড়ে তিনশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন। পরিদর্শনকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।