মার্চ ২৮, ২০২৬, ১০:৫৯ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার ২৬ মার্চ বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আমজনতা দলের নেতার মধ্যকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভিডিওটিতে দেখা যায় রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান দূর থেকে হাতের ইশারায় আমজনতা দলের নেতাকে কাছে ডেকে নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর ডাক পেয়ে মো. তারেক রহমান দ্রুত এগিয়ে আসেন এবং পারস্পরিক খোঁজখবর নেন। এ সময় আমজনতা দলের নেতার সঙ্গে তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের উভয়ের সাথে অত্যন্ত সৌজন্যমূলকভাবে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে এটি ছিল একটি অত্যন্ত ইতিবাচক রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত। বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়া এই নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এমন মুহূর্তের দৃশ্যটি মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয় এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।এর আগে সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথেই আমজনতার তারেকের সাথে প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত আলাপচারিতা ঘটে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও ভিন্ন রাজনৈতিক ঘরানার এই নেতার মধ্যকার কুশল বিনিময়ের বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন