এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সব ধরনের প্রলোভন ও প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের এই অজানা ও নাটকীয় অধ্যায়গুলো তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিনের মতে, শেখ হাসিনা তাঁকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু জিয়ার পরিবারের প্রতি তাঁর আনুগত্যে কোনো ফাটল ধরাতে পারেননি।
মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেন, "এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তাঁর কথা শুনতাম, তাহলে তাঁর পরেই আমার অবস্থান হতো।" তিনি আরও যোগ করেন, বর্তমানে তাঁর বয়স ৮০ বছর এবং এই বয়সে এসে নীতি বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে `মাফিয়া` হিসেবে অভিহিত করে তিনি বলেন, দল ত্যাগ করার জন্য তাঁর ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তিনি আমৃত্যু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি অনুগত ছিলেন।বক্তব্যের এক পর্যায়ে নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন বীরবিক্রম বলেন, বিএনপিতে তিনি অনেক সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় স্থায়ী কমিটিতে তাঁকে স্থান দেওয়া হয়নি।
একমাত্র ড. মোশাররফ হোসেন ছাড়া বাকি সবাই তাঁর পরে রাজনীতিতে এসেও সিনিয়র পদে চলে গেছেন। তবে এসব নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না। তাঁর মূল লক্ষ্য ছিল ভোলার জনগণের সেবা করা এবং গণতান্ত্রিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া। তিনি বলেন, জনগণ সব সময় চেয়েছেন তিনি যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আর আল্লাহ্ তাঁকে আজ সেই সম্মান দিয়েছেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার বলেন, "আমি গভীর কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। তাঁর সঙ্গে আমি জীবনে মাত্র দুই দিন কথা বলেছি। এর বাইরে কোনো দিন টেলিফোন বা দেখাও হয়নি। কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে (স্পিকার) অভিষিক্ত করেছেন। এ জন্য আমি তাঁর কাছে ও আমার দল বিএনপির কাছে ঋণী।" স্পিকারের এই খোলামেলা বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তাঁর সততা ও ত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় স্পিকার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন