রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টি উপেক্ষা করেই শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৫৩ এএম

বৃষ্টি উপেক্ষা করেই শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন। 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও মাজার এলাকাসহ পুরো সিলেট নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় প্রধানমন্ত্রী নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। 

এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী বা বাসিয়া খাল খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন তিনি। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে আজ সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তোরণ নির্মাণ ও ব্যানারে সাজানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।