মে ৫, ২০২৬, ০১:০২ পিএম
চাহিদা মতো পর্যাপ্ত উৎপাদন থাকায় দেশে টানা এক সপ্তাহ কোনো লোডশেডিং হয়নি। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের সেচ কাজে বিদ্যুতের চাহিদা কমে যায়। এতে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়ে লোডশেডিং শূন্যে নেমে আসে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, আগের তুলনায় এখন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে।
ছোট বিদ্যুৎকেন্দ্রগুলোতে আগে যে সমস্যা ছিল, বর্তমানে তা নেই বলে তিনি উল্লেখ করেন। সামনের দিনগুলোতেও পরিকল্পনা অনুযায়ী শূন্য লোডশেডিং বজায় রাখার চেষ্টা চলছে।
নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে কয়লা সরবরাহ নিশ্চিত করাকে পিডিবি তাদের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এবং আরেকটি শিগগিরই যুক্ত হবে।পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
২৮, ২৯ ও ৩০ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল যথাক্রমে ১১ হাজার ৪৭৫, ১১ হাজার ৩৬ এবং ১২ হাজার ৬১৪ মেগাওয়াট। মে মাসের প্রথম তিন দিনেও চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ এই পরিস্থিতিতে ভূমিকা রেখেছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিষিদ্ধ করা এবং এয়ার কন্ডিশনার (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহারের নির্দেশনা রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও কয়লা আমদানির উদ্যোগ বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে সাহায্য করেছে।
ভারত থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি অব্যাহত থাকায় সেটিও উৎপাদনে ভূমিকা রাখে।রাজধানীর গ্রাহকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে ঢাকায় কোনো বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে জাতীয় পর্যায়ে লোডশেডিং না থাকলেও স্থানীয়ভাবে সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকতে পারে বলে জানান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধর। লাইন রক্ষণাবেক্ষণ, গাছ কাটা বা কারিগরি কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে, যা লোডশেডিংয়ের আওতায় পড়ে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন