বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
বর্জ্য বিদ্যুৎ প্রকল্প

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে সচিবালয়ে চীনা দলের বৈঠক

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৫:৩৬ পিএম

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে সচিবালয়ে চীনা দলের বৈঠক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে সচিবালয়ে চীনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে চীনা প্রতিষ্ঠান চচিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ কাঠামো ও বাস্তবায়ন রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ঢাকা দক্ষিণ সিটির গৃহস্থালি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাব্যতা বিশ্লেষণ করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত ব্রিফিং উপস্থাপন করেন। এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আধুনিক প্রযুক্তি, সম্ভাব্য আর্থিক বিনিয়োগ মডেল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চীনা প্রতিনিধি দলের সাথে বিস্তারিত মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

আলোচনায় চীনা প্রতিষ্ঠানটির পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ চিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।