মে ৬, ২০২৬, ০২:০৪ পিএম
২০২৪ সালের ৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হওয়া মামলাগুলোতে যারা প্রকৃত আসামি নন, তাদের নাম দ্রুত প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার চায় আগামী এক মাসের মধ্যেই এসব মামলার আসামিদের নাম প্রত্যাহারের প্রক্রিয়া শেষ করতে।
আজ বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায় থেকে ইতিমধ্যে এই ধরনের মামলার তালিকা চাওয়া হয়েছে।
সালাউদ্দিন আহমদ বলেন, শুধু ৫ আগস্ট পরবর্তী সময়ই নয়, আওয়ামী লীগ সরকারের আমলেও যেসব হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। উদ্দেশ্যপ্রণোদিত মামলার হয়রানি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।
অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে কি না, সেটিও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও জানান, ২০০৯ সালের আগে এবং ২০২৪ সালের পরে লাইসেন্সকৃত যেসব অস্ত্র থানায় জমা আছে, তার মধ্যে কিছু অস্ত্র মালিকদের ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তবে এই পুরো প্রক্রিয়াটি কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে।বিকেলে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সেশনে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন