রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ০২:২৪ পিএম

দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১৫ লাখ ডোজ হামের টিকার নতুন একটি চালান পৌঁছেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালান গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। 

বিমানবন্দরের রানওয়েতে তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই বিশাল বহর গ্রহণ করেন।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়মিত টিকাদান কর্মসূচির স্টক জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সম্প্রতি দেশে টিকার কিছুটা সংকট তৈরি হয়। বিশেষ করে কিছু এলাকায় হামের প্রকোপ বাড়তে থাকায় এই চালানটি জরুরি ভিত্তিতে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। 

এই নতুন সরবরাহ বর্তমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।টিকা গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১৫ লাখ ডোজ হামের টিকা ইতিমধ্যে পৌঁছেছে। 

সরকারের পক্ষ থেকে মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা হয়েছে। এটিকে একটি সফল তৎপরতা হিসেবে উল্লেখ করেন তিনি।মন্ত্রী আরও জানান, শুধু হামের টিকা নয়, এই চালানের সঙ্গে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েডের টিকাও দেশে এসেছে। আগামী ১০ মের মধ্যে বিভিন্ন ধাপে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে। এর ফলে ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না বলে আশ্বস্ত করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিমানবন্দর থেকে এই টিকাগুলো বিশেষ ব্যবস্থায় নির্দিষ্ট কোল্ড চেইনে সংরক্ষণাগারে নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এগুলো জেলা ও উপজেলা পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।