রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিবন্ধী ছাত্রের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

মে ৯, ২০২৬, ১২:০৮ পিএম

প্রতিবন্ধী ছাত্রের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মার্ট কার পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে তিনি এই উদ্ভাবনটি ঘুরে দেখেন এবং কারটিতে চড়ে এই তরুণকে উৎসাহ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়াকিমুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। তার সৃজনশীল উদ্ভাবন ও মেধার পরিচয় পেয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়িটি দেখতে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী উদ্ভাবকের মেধার ভূয়সী প্রশংসা করেন। তিনি কারটিতে কিছু সময় চড়ে বসেন এবং এর বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও শাহাদাৎ হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াকিমুলের এই উদ্ভাবন দেশের অন্য তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে উৎসাহ দেওয়ায় উপস্থিত কর্মকর্তারা একে উদ্ভাবনী মেধার বিশেষ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তরুণদের মেধা বিকাশে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।