মে ৯, ২০২৬, ০৪:৩২ পিএম
একই তারিখে সারা বিশ্বে রোজা ও ঈদ পালনের দাবি দলীলভিত্তিক নয় এবং কার্যক্ষেত্রে এর বাস্তবায়নও অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তিনি বলেন, ইসলামি শরিয়তে চন্দ্রমাস শুরুর প্রধান মানদণ্ড হলো হেলাল বা নতুন চাঁদ দেখা কিংবা এর নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া।
এই মানদণ্ড বাদ দিয়ে অমাবস্যা থেকে মাস শুরু করা শরিয়ত পরিবর্তনের শামিল।শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। `রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির বাস্তব নিরসন ও শরয়ি বিশ্লেষণ` শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
মুফতি আবদুল মালেক বলেন, হেলাল দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান-ভিত্তিক আগাম প্রস্তুতকৃত হিজরি ক্যালেন্ডার বা লুনার ক্যালেন্ডারকে মানদণ্ড বানানো স্পষ্ট নাজায়েজ। এটি মূলত শরিয়তের বিষয়ে মানুষের নিজস্ব খেয়াল-খুশি অনুযায়ী হস্তক্ষেপ করার মতো একটি পদক্ষেপ।
প্রবন্ধে তিনি আরও উল্লেখ করেন, মুসলমানদের ঈদ অন্য জাতিগোষ্ঠীর নিছক কোনো আনন্দ-উৎসব নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই একে আধুনিকতার অজুহাতে বা অন্যদের উৎসবের আদলে উদযাপনের চিন্তা করা সম্পূর্ণ ভ্রান্ত ও অযৌক্তিক।খতিব বলেন, পুরো বিশ্বের জন্য একই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনোভাবেই দলীলভিত্তিক নয় এবং এটি উম্মতের ইজমা পরিপন্থী। নির্দিষ্ট কোনো একটি শহরের চাঁদ দেখাকে ভিত্তি করে পুরো পৃথিবীর জন্য সিদ্ধান্ত গ্রহণও শরিয়তের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শরয়ি সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য অপরিহার্য নয় বলে তিনি জানান।
মাওলানা আবদুল মালেক আরও বলেন, অতীতে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরাও বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ পালনের পক্ষে অবস্থান নেননি। এটি মূলত একটি শরয়ি বিষয় এবং শরিয়তের নির্দেশনাই এখানে চূড়ান্ত।
বাংলাদেশে প্রচলিত চাঁদ দেখার পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে রোজা ও ঈদ পালিত হয়ে আসছে, তাতে অধিকাংশ আলেম-মাশায়েখ একমত। তাই এই অনুমিত ধারা পরিবর্তনের কোনো শরয়ি কারণ নেই। বরং এর পরিবর্তনের চেষ্টা করলে সমাজে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটিকে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত উল্লেখ করে তিনি বলেন, শরিয়তের দৃষ্টিতে কোনো মৌলিক আপত্তি না থাকলে এই কমিটির সিদ্ধান্ত মেনে চলা প্রতিটি মুসলিম নাগরিকের দায়িত্ব। মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি চিন্তাবিদরা অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন