বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৯, ২০২৬, ১০:৪৪ পিএম

নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১০ মে) থেকে শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী তাঁর বাণীতে আরও উল্লেখ করেন, অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব হওয়া উচিত বলে তিনি মনে করেন।

এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) তাঁর দেওয়া বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে কার্যক্রমকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে বর্তমান প্রশাসন অঙ্গীকারবদ্ধ।এবারের পুলিশ সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। 

আইজিপি বলেন, জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে তাঁরা বদ্ধপরিকর।উল্লেখ্য, রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ১৩ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।