রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ভারতীয় সহকারী হাই কমিশনের বিশেষ আশ্বাস

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৬, ২০২৬, ০২:৪২ পিএম

পঞ্চগড়ে ভারতীয় সহকারী হাই কমিশনের বিশেষ আশ্বাস

ছবি-দিনাজপুর টিভি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক বিশেষ রানআপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) বেলা ১১টায় পঞ্চগড় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে যৌথভাবে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই রানআপ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

এ সময় উপস্থিত বক্তারা সাধারণ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত যোগ ব্যায়াম করার আহ্বান জানান। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম প্রদর্শন করেন।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ইয়োগা এখন বিশ্বের অনেক দেশে প্রচলিত হয়েছে এবং সবাই এই ব্যায়ামের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করছে। তিনি বাংলাদেশের নাগরিকদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এই অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য দেন।

প্রতিদিন অন্তত একবার নিরিবিলি জায়গায় পারিবারিকভাবে বা এককভাবে যোগ ব্যায়াম করার জন্য সবাইকে আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উল্লেখ করেন যে এই ইয়োগার মানসিক অনুশীলনের মধ্য দিয়ে ঘরে বসেই এআই প্রযুক্তির মতো মানসিকভাবে কক্সবাজারের সমুদ্রে নিজেকে দাঁড় করানো সম্ভব।