বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৫:৪০ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন। 

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবדוস সালাম জানিয়েছেন যে আধুনিক সুযোগ-সুবিধা ও কড়া নিরাপত্তা নিশ্চিত করে ঈদ জামাত সুশৃঙ্খল করার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।প্রধান এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জাতীয় ঈদগাহ ময়দানের মোট ৩০ হাজার বর্গমিটার এলাকার মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার অংশ প্যান্ডেল দিয়ে আবৃত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, ময়দানে নির্মিত ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। 

এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য ২৫০টি এবং নারীদের জন্য ৮০টি আসন বরাদ্দসহ সাধারণ ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। পুরো মাঠে প্রবেশের জন্য ভিআইপি ও নারীদের আলাদা ফটকসহ মোট চারটি প্রবেশপথ এবং বের হওয়ার জন্য সাতটি গেট প্রস্তুত রাখা হয়েছে।একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লির অজু করার জন্য পৃথক অজুর স্থান নির্মাণ করা হয়েছে।

হঠাৎ বৃষ্টির দুর্ভোগ এড়াতে পুরো প্যান্ডেলে পানি নিরোধক শামিয়ানা, পর্যাপ্ত এসি, ফ্যান ও আলোর পাশাপাশি নিরাপদ খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ দল এবং ভ্রাম্যমাণ প্রাথমিক চিকিৎসাকেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা এই ঈদগাহে মুসল্লিদের স্বাগত জানাতে দৃষ্টিনন্দন তিনটি প্রবেশ তোরণ নির্মাণ করা হয়েছে।