রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগের দামেই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকেরা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০১:৫০ পিএম

আগের দামেই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকেরা

বিদ্যুতের নতুন দাম ঘোষণার এক দিনের মাথায় আসছে পরিবর্তন। নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি দামের চাপ কমাতে আবাসিকের প্রথম ধাপের গ্রাহকদের জন্য দাম আগের পর্যায়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আজ এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছে।আবাসিকের লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বাড়তি দাম প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে এই আবেদনে। 

কমিশন সব বিতরণ কোম্পানির সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, সব কোম্পানির পক্ষ হয়েই তারা আবেদন করেছেন।বিদ্যুতের দাম সংশোধনের প্রক্রিয়া চলছে।

গতকাল বুধবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা জুন মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। এর ফলে প্রান্তিক গ্রাহকদের ওপর বছরে অতিরিক্ত ৭৮১ কোটি টাকার বোঝা চাপার আশঙ্কা তৈরি হয়েছিল।

 নতুন এই সিদ্ধান্তের ফলে ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহক স্বস্তি পেতে পারেন। আগের দর বহাল থাকলে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা কার্যকর থাকবে।