রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

জাতীয় ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৯:৪২ পিএম

১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পণ্য সংগ্রহের খরচ নির্ধারণ করা হয়েছে ৮২ কোটি ৫৪ লাখ টাকা।

প্রতি কেজি ডালের দাম পড়বে ৮২ টাকা ৫৪ পয়সা।বাণিজ্য মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ডাল সংগ্রহের দায়িত্ব পেয়েছে রাজশাহীর পবা উপজেলার ‘নাবিল নাবা ফুডস লিমিটেড’। প্রতিষ্ঠানটি ৫০ কেজির বস্তায় ডালগুলো সরবরাহ করবে। আপৎকালীন মজুত এবং বিতরণের সুবিধার্থে সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার এই ডাল সংগ্রহ করছে। সংগৃহীত এই ডাল টিসিবির মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে বা ওএমএস কার্যক্রমে বিতরণের পরিকল্পনা রয়েছে।

বাজার তদারকি এবং পণ্য মজুতের ওপর বিশেষ জোর দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় উদ্যোগে মসুর ডাল সংগ্রহের এই প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই ডাল সরকারি গুদামে পৌঁছানোর নির্দেশনা রয়েছে।