জুন ১১, ২০২৬, ১১:৪৪ এএম
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এই স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। একই আয়োজনে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ সিলমোহর ব্যবহার করেন। আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন ও ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনর রশিদ উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই ডাকটিকিট ও স্যুভেনির প্রকাশ করেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা ডাক বিভাগের বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ডাক বিভাগের মান উন্নয়নে এবং প্রযুক্তিগত আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি নথিপত্র ও ডাক বিভাগের মাধ্যমে ক্রীড়া উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এই স্মারকগুলো সারাদেশে সংগ্রহ করা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন