জুন ২১, ২০২৬, ১০:২১ পিএম
মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে নানা কারণে বর্তমানে আটকে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে বিশেষ আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।
প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও মঞ্চে উপস্থিত ছিলেন।বিদেশে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান সরকার বেশ কিছু দীর্ঘমেয়াদি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আন্তর্জাতিক শ্রমবাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিদেশগামী শ্রমিকদের জন্য আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা নিশ্চিত করতে দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করার কাজ চলছে বলে তিনি জানান। আগামী এক দশকে বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের নতুন চাহিদা তৈরি হতে পারে, তা নিয়েও সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে।
মালয়েশিয়ার পরিচ্ছন্ন পরিবেশের কথা উল্লেখ করে তারেক রহমান সেখানে কর্মরত বাংলাদেশিদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রবাসীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন যে বিদেশের মাটিতে নিয়ম মেনে সুন্দর ও পরিচ্ছন্ন আচরণ করতে পারলে নিজ কেন আমরা একইভাবে পরিচ্ছন্ন রাখতে পারব না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিপক্ষীয় বৈঠকে নতুন কর্মী নিয়োগের সুযোগ বাডানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।
এর আগে শনিবার দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি উল্লেখ করেন যে সফরকালে দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে টার্মস অব রেফারেন্স সংক্রান্ত সমঝোতা স্মারক সই, বাণিজ্য, সেমিকন্ডাক্টর ও হালাল শিল্পে সহযোগিতা সম্প্রসারণ এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন