রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১১:০৯ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ছবি - সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামীকাল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) জারি করা এক সরকারি গেজেটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ জুলাই ইন্তেকাল করেন আধুনিক কাতারের রূপান্তরের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি। তার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।গেজেটের নির্দেশনা অনুযায়ী, বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

কাতারের সাবেক এই আমির বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন বলে সরকার তার শোকবার্তায় উল্লেখ করেছে।এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সাথে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।