রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদদের তালিকা নিরপেক্ষভাবে করা হবে‍‍` — প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৫:১৫ পিএম

শহীদদের তালিকা নিরপেক্ষভাবে করা হবে‍‍` — প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি বলেন, দেশ স্বাধীনের পর যাদের দায়িত্ব ছিল শহীদদের সঠিক তালিকা তৈরির, তারা তা করেনি। বরং তালিকা তৈরির ক্ষেত্রে তারা রাজনীতি টেনে এনেছিল, যা অত্যন্ত দুঃখজনক।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই পবিত্র দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিবিড় গবেষণার মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন এবং অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শহীদদের যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে তালিকা প্রণয়নে নানা সমস্যা ছিল। সরকার এসব ত্রুটি সংশোধনে সচেষ্ট। বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের চিহ্নিত করার চেষ্টা চলছে।সংসদে প্রশ্নোত্তর পর্বে আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্ট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ফুটবল ম্যাচগুলোতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং ২২ লাখ শিশু এতে অংশ নিয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এটি মাধ্যমিক পর্যায়েও বিস্তৃত করা হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে ‘বে টার্মিনাল’ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। বন্দরে কোনো দুর্নীতি হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একটি দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।