শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৯:৪৬ পিএম

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।স্বাস্থ্যখাতের সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যখাতে গত পাঁচ মাসে নেওয়া পদক্ষেপ ও অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। এ সময় উপজেলা পর্যায়ে চিকিৎসক উপস্থিত থাকা সত্ত্বেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ আসে। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের বিষয়গুলোও পর্যালোচনা করা হয়। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।